BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি

১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি

বিটিসি বিনোদন ডেস্ক: দীর্ঘ এক দশকের দাম্পত্য, অসংখ্য ভালোবাসার মুহূর্ত আর অপেক্ষার পর অবশেষে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুখবর পেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। যমজ পুত্রসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন ভক্তরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সুখবরটি জানান এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে তারা লেখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি আমরা।’

ছোট্ট এই বাক্যেই যেন ধরা পড়েছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া পূর্ণতার অনুভূতি।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে বিবেক দাহিয়া খানিকটা রসিকতার সুরে লেখেন, ‘অপেক্ষার অবসান। আমাদের “দ্য বয়েজ” এসে গেছে, আর জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর লাগছে। দিব্যাঙ্কা আর আমি জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।’

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য বয়েজ’–এর প্রসঙ্গ টেনে নিজের যমজ ছেলেদের ‘দ্য বয়েজ’ বলে পরিচয় করান তিনি। পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদও চেয়েছেন এই অভিনেতা।

সন্তান জন্মের ঠিক কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। ছবিগুলোতে ছিল এক ধরনের শান্ত সৌন্দর্য আর নতুন জীবনের অপেক্ষা।

ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘একসময় আমরা একে অপরের ঘর ছিলাম, এখন আমরা আরেকজনের জন্য একটি ঘর হয়ে উঠছি। এই যাত্রা কেমন হবে জানি না, তবে এটুকু জানি—এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সফর।’

কয়েক মাস আগেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানিয়েছিলেন দিব্যাঙ্কা। তখন তিনি বলেছিলেন, প্রায় ছয় মাস পর্যন্ত তারা খবরটি গোপন রাখতে পেরেছিলেন। কারণ, এই সময়টুকু তারা নিজেদের মতো করে উপভোগ করতে চেয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা পুরো ছয় মাস খবরটা লুকিয়ে রাখতে পেরেছিলাম।’

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, তিনি ও বিবেক ঠিক এই সময়টাতেই সন্তান নিতে চেয়েছিলেন।

‘আমরা সন্তান চেয়েছিলাম, চেষ্টা করেছি, আর ঈশ্বর আশীর্বাদ করেছেন,’ বলেছিলেন তিনি। সেই সময় তিনি আরও জানান, দুই পরিবারের সদস্যরাই খবরটি শুনে ভীষণ আনন্দিত।

২০১৬ সালের ৮ জুলাই বিয়ে করেন দিব্যাঙ্কা ও বিবেক।

জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সেটে পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরে বিয়ে। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও স্থায়ী জুটি হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন তারা।

এবার সেই ভালোবাসার গল্পে যোগ হলো নতুন অধ্যায় দুই ছোট্ট ছেলের আগমন।

পরিবারজুড়ে এখন আনন্দের আবহ, আর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ জামালপুরে জানাযায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত সৌদি আরব, কাতার, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিক, ট্রাম্প চাইলেও এটা কি সম্ভব কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পেছনের দরজা দিয়ে বিশ্বকাপ প্রবেশের সুযোগ নিতে চায় সুইডেন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত