বিটিসি নিউজ ডেস্ক: আরাফার দিন মুসলিম উম্মাহর জন্য এক মহামহিমান্বিত দিন। এ দিনটি হলো দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি আজ আরাফার ময়দানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছেন।
এই দিনকে ঘিরে রাসুলুল্লাহ (সা.) বিশেষ কিছু দোয়া ও জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দোয়াগুলোর একটি হলো তাওহিদের এই মহান বাণী, যা নবীগণও পাঠ করেছেন।

দোয়াটি হল, لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বাদির।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। সকল রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন।
তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।

হাদিস: মহানবী (সা.) বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাক্য বলেছি তা হলো—‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।’ (তিরমিজি, হাদিস নং : ৩৫৮৫)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের রহমত, মাগফিরাত ও নাজাত দ্বারা ধন্য করুন এবং এই মহান জিকিরের মাধ্যমে আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। আমিন। #















