বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে ১৫০ গ্রাম হেরোইন ও দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রাব্বি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদের ছেলে।
এছাড়াও তার দুই সহযোগী হচ্ছে-ফকিরপাড়ার মনিরুল ইসলাম মনিরের ছেলে মোঃ সোহেল ওরফে জিনজিরা সোহেল ও প্রফেসরপাড়ার সুমনের ছেলে মোঃ সুনিত ওরফে আলিফ। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালায়।
এ সময় মৎস্যভবন মোড় থেকে রাব্বিসহ সোহেল ও সুনিতকে গ্রেপ্তার করে। পরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আনার সময় গাড়িতেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ সংলগ্ন একটি ইটাভাটা থেকে ২ কেজি বিস্ফোক ও ১৫০ গ্রাম হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নং-২৫, তারিখ ২০ ডিসেম্বর ২০২৫; জিআর নং-৫৫৮/২০২৫ এর তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন কয়েকজন আসামি ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অবস্থান করছেন।
পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১৫ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগের মৎস্য ভবন মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে রাতে বারঘরিয়া-গোয়ালবাড়ী পাকা রাস্তার উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে আসামি রাব্বির দেখানো মতে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয়-দুই কেজি বিস্ফোরক সদৃশ গান পাউডার, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। ১৫০ গ্রাম কথিত হেরোইন, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল সাদা ও কাঠালী রঙের গান পাউডার এবং হালকা ও গাঢ় বাদামি রঙের হেরোইন সদৃশ মাদকদ্রব্য। জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-৩২, তারিখ ১৬ মে ২০২৬, জিআর নং-২১৬/২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী ২০০২) এর ৪/৬ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ৮(গ)/৪১ ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকের উৎস, ব্যবহার এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি বিটিসি নিউজকে শনিবার দুপুরে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে এমন বিপজ্জনক মাদক ও বিস্ফোরক মজুদের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
উল্লেখ্য, এর আগে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার শহরের বাতেন খাঁ মোড়ে চা খাওয়ার সময় সাংবাদিক চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এঘটনায় আসামী গ্রেফতার না হওয়ায় জেলার সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করে। প্রেক্ষিতে পুলিশ তৎপরতা বাড়িয়ে শেষ পর্যন্ত প্রধান আসামী রাব্বিসহ ৩ জনকে গ্রেফতার করে।
এর আগে পুলিশ কয়েকজনকে এঘটনায় গ্রেফতার করলেও প্রধান আসামী আত্বগোপনে ছিল। রাব্বির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। #



