BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালোবাসার শহরে কোচের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অপেক্ষা

ভালোবাসার শহরে কোচের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অপেক্ষা

বিটিসি স্পোর্টস ডেস্ক: নারী টেনিসের অন্যতম শীর্ষ তারকা তিনি। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ের দুই নম্বরে অবস্থান তার। ২০২৬ সালের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট তার মাথাতেই উঠেছে। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছেন উইম্বলডনেও।

সেই এলেনা রিবাকিনা এবারের ফ্রেঞ্চ ওপেনে ‘সুপার ফ্লপ’!

প্যারিসে গত বুধবার (২৭ মে) রাতে বড় অঘটনের শিকার হয়েছেন রিবাকিনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের ইউলিয়া স্তারোদুবতসেভার কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি।

শুরুর সেট জিতলেও রিবাকিনার পারফরম্যান্সে ছিল না চেনা ছন্দ। সেই সুযোগে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৪) গেমে স্মরণীয় জয় পান স্তারোদুবতসেভা।

বর্তমানে র‌্যাংকিংয়ের ৫৫ নম্বরে থাকা স্তারোদুবতসেভা এরপর সংবাদ সম্মেলনে এসে খুশির খবর দিয়েছেন। কথাটি বলতে গিয়ে নিজে হেসেছেন, সাংবাদিকদেরও হাসিয়েছেন।

স্তারোদুবতসেভা জানিয়েছেন, এখন তিনি প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন। স্তারোদুবতসেভার প্রেমিক অন্য কেউ নন; তার কোচ পিয়ার্স ডোলান!

২৬ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বলেছেন, ‘আপনাদের একটা মজার ব্যাপার বলি। আমার বয়ফ্রেন্ডই আমার কোচ। সে আমাকে বলেছিল, আমি যদি বিশ্বের সেরা ৫০ জনের মধ্যে ঢুকতে পারি, তাহলে আমাকে বিয়ের প্রস্তাব দেবে।

এখন সে একটু ভয় পেতে শুরু করেছে। কারণ আমি ধীরে ধীরে সেই লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি।’

ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় ভালোবাসার শহর। এই শহরেই স্তারোদুবতসেভার প্রেমিক ডোলান তার অনামিকায় আংটি পরাবেন, তিনি নিশ্চয় সেটাই চাইবেন।

সে জন্য ফ্রেঞ্চ ওপেনে স্তারোদুবতসেভাকে আর একটি অথবা দুটি ম্যাচ জিততে হবে।

তাহলেই র‌্যাংকিংয়ের শীর্ষ ৫০-এ উঠে আসবেন। আগামীকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে স্তারোদুবতসেভার প্রতিপক্ষ চীনের ওয়াং শিউ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ