টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়ননের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বংশাই নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপর পাশে সখীপুর উপজেলা অবস্থিত।
নদীসংলগ্ন হওয়ায় সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা প্রতিবছর ঈদের নামাজ আদায় করতে যান। এক্ষেত্রে যাতায়াতের জন্য খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা।
এবার বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দুপুর ১২টার দিকে মুসল্লিরা নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। এসময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝপথে ডুবে যায়। তবে উপস্থিত মুসল্লিরা সাঁতার কেটে নিরাপদে নদীর তীরে উঠে আসেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বিটিসি নিউজকে বলেন, অতিরিক্ত যাত্রী বহনে নৌকাটি ডুবে গেলেও কেউ হতাহত হননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

















