বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পরিকল্পনা হোঁচট খেয়েছে, চোট পেয়েছেন রাইলি ম্যাকগ্রি। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় বৈশ্বিক আসর থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই প্লেমেকার।
গত সপ্তাহান্তে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসব্রার হয়ে খেলার সময় চোট পান ২৭ বছর বয়সী ম্যাকগ্রি।
এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যাকগ্রি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। কাতারে অনুষ্ঠিত চার বছর আগের আসরে দলের খেলা চারটি ম্যাচেই খেলেন তিনি। ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন এই মিডফিল্ডার।
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি অস্ট্রেলিয়া কোচ টনি পোপোভিচ। তার দলে ম্যাকগ্রির জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু এখন ম্যাকগ্রিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে অস্ট্রেলিয়ার কোচকে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ। আগামী ১৩ জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী শনিবার মেক্সিকো এবং ৬ জুন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। #















