বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্রেমলিন জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা বেড়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে, চীন ও ভারতের মতো দেশগুলো তাদের নিজস্ব জাতীয় স্বার্থ বিবেচনা করেই জ্বালানি কেনার সিদ্ধান্ত নিচ্ছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভারতকে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার জন্য ৩০ দিনের একটি ছাড় দিয়েছে।
এদিকে সংঘাতের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।
এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধের কারণে আমরা রুশ জ্বালানি সম্পদের চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। রাশিয়া তেল ও গ্যাস, পাইপলাইনের গ্যাস এবং এলএনজি উভয়েরই নির্ভরযোগ্য সরবরাহকারী ছিল এবং এখনো রয়েছে।
তিনি বলেন, যেসব সরবরাহের জন্য চুক্তি করা হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখার সক্ষমতাও রাশিয়ার রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই ছাড়ের পর ভারতকে রাশিয়া কত পরিমাণ তেল সরবরাহ করতে পারে— সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি পেসকভ। #

















