BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই বাংলাদেশের

জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই বাংলাদেশের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে প্রবেশ করল।

সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত সাত দফা আলোচনার ফলেই এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তার বক্তব্যে এ চুক্তিকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই ইপিএ কেবল একটি বাণিজ্যিক দলিল নয়; এটি বাংলাদেশের উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ এবং দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থার বহিঃপ্রকাশ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, চুক্তিটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধির একটি নতুন অধ্যায় সূচিত হবে।

চুক্তির আওতায় বাংলাদেশ পণ্য ও সেবা-উভয় বাণিজ্যেই উল্লেখযোগ্য সুবিধা পাবে। তৈরি পোশাকসহ মোট সাত হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বিনিময়ে বাংলাদেশও জাপানের জন্য তার বাজার সম্প্রসারণ করবে, যার ফলে এক হাজার ৩৯টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত অথবা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।

পোশাকখাতে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা যুক্ত হওয়ায় কাঁচামাল সংক্রান্ত জটিল শর্ত ছাড়াই বাংলাদেশি পোশাক সহজে জাপানে রপ্তানি করা যাবে। পাশাপাশি জাপানের আইটি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, কেয়ারগিভিং ও নার্সিংসহ প্রায় ১৬টি বিভাগে ১২০টি সেবাখাতে (ট্রেড ইন সার্ভিসেস) বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ সৃষ্টি হবে, যা জাপানে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে।

অন্যদিকে বাংলাদেশ জাপানের জন্য ১২টি বিভাগের আওতায় ৯৮টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে।

বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই চুক্তির ফলে উৎপাদন, অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিকসসহ বিভিন্নখাতে জাপানি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়বে বলে আশা করা হচ্ছে। জাপানের উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ দেশীয় পণ্যের মানোন্নয়নে সহায়ক হবে, যা বাংলাদেশকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে এ চুক্তি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব : প্রতিমন্ত্রী টুকু বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বর্ষবরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত