আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করতে উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরসহ গোটা উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে সকালে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
বর্ণিল পোশাক, মুখোশ ও প্লে-কার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল লোকসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। এছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় পান্তা-ইলিশের। শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা।
উৎসবে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, এমন আয়োজন তাদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তারা প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যবৃন্দ,এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উৎসবে অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #















