রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশে সুস্থ প্রতিযোগিতার বিকাশ ঘটাতে হবে এবং প্রযুক্তিবান্ধব, নিরাপদ ও আধুনিক পর্যটন শহর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আশা করেন, উপজেলা পর্যায় থেকে বিজয়ীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের সুনাম বয়ে আনবে।
শনিবার (১৬ মে) বিকেলে রাঙামাটি জিমনেসিয়াম হল অডিটরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদনের পরিবেশ নিশ্চিত করা গেলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় আরো উৎসাহিত করার আহ্বান জানান।
এর আগে রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় ‘অনলাইন বাস টার্মিনাল’, ‘সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস’ এবং ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচি’র উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যানবাহন সংক্রান্ত আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে প্রশাসনের কাছে যানবাহনের তথ্য সংরক্ষিত থাকবে, যা অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর করবে।
তিনি জেলা পুলিশের এ উদ্যোগকে যুগোপযোগী ও আধুনিক উল্লেখ করে বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরো আকর্ষণীয় ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেবে।
পাশাপাশি যানজটমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত শহর গঠনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ অনেকেই। অনুষ্ঠান শেষে পার্বত্যমন্ত্রী শহরের সিএনজি ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন এবং চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

