সিলেট ব্যুরো: প্রবাসে বিভিন্ন দেশে নানা কারণে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে অবৈধভাবে বিদেশে গমন কিংবা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছিলেন না।
মূলত বিমান ভাড়া ও প্রয়োজনীয় খরচ বহনে অক্ষমতার কারণে তারা আটকে আছেন। সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তারা যেন নিজ দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন বলেও জানান মন্ত্রী।
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, শুধু আটক ব্যক্তিদের ফেরানোই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। বিশেষ করে ভিসার মেয়াদ, চাকরির অনুমতি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন মিশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাছাড়া প্রবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুযোগ-সুবিধার সুফল পায়।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের বাছাই করে এই অনুদান দেওয়া হয়েছে। শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক কল্যাণের কথা বিবেচনা করে এই তালিকায় দুই শতাধিক মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জেলা পরিষদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #















