বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও বিশ্বের ওপর ‘খুবই গুরুতর প্রভাব’ পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
আজ প্রায় ৪০টি দেশের একটি ভার্চুয়াল বৈঠকের সভাপতিত্ব করেছেন এমানুয়েল ম্যাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এরপরই সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাখোঁ সাম্প্রতিক কয়েকটি উদ্যোগকে স্বাগত জানান, যার মধ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি—যা ‘সম্পূর্ণভাবে মেনে চলতে হবে’—এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
তিনি বলেন, ‘কূটনীতি আমাদের এগিয়ে নিচ্ছে।’
এদিন বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হরমুজ প্রণালি দ্রুত, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধের আগে যে অবাধ নৌ চলাচল ছিল তা পুনর্বহালের দাবি জানানো হয় বলেও জানান তিনি।
ম্যাখোঁ আরো জানান, প্রণালিটি বেসরকারিকরণ বা কোনো ধরনের টোল ব্যবস্থা চালুর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। #















