বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ‘খাড়েরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাড়েরা ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধন ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারি নিয়ম-নীতির বাইরে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত নায়েব মনির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

