BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা, যে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা, যে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

বিশেষ প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এটিই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের পুষ্পস্তবক অর্পণ।

আজ শনিবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে যান জামায়াত আমির।

এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে মোনাজাত পরিচালনা করেন ডা. শফিকুর রহমান। পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কী মনে করে আসলেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।’

এখনো কি জামায়াতে ইসলামী এটাকে নাজায়েজ মনে করেন-এমন প্রশ্ন বিরক্তি প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘এমন একটা পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন আপনি কেন করছেন, এমন প্রশ্ন না করাই ভালো।’

এরপর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আসলে ভাষা শহীদদের আগে ৪৭ এ যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বায়ান্নর শহীদদেরও স্মরণ করি। একাত্তরের শহীদদের স্মরণ করি, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি, এরপরে যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করি।’

‘বিশেষ করে সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদের। ওসমান হাদিকেও আমরা স্মরণ করি’, যোগ করেন জামায়াত আমির।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যে প্রশ্ন করেছিলেন তারা যে কারণে লড়াই করেছিলেন সেই প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে–না সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণের জন্যই আমরা এই লড়াই অব্যাহত রাখব।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত, একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এবং কোনো অপকর্মের সঙ্গে আমরা আপস করব না।’

এরপর জামায়াত আমির বিরোধী দলের নেতাদের নিয়ে সরাসরি আজিমপুর কবরস্থানে যান। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল