BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনা বিভাগে হামের বিস্তার, ২৪ ঘণ্টায় নতুন ৮৭ সন্দেহভাজন রোগী শনাক্ত

খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব: গত এক মাসে আক্রান্ত সহস্রাধিক, মৃত্যু-১০

খুলনা ব্যুরো: খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮৭ জন হামে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে ৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত বিভাগে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৪ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাবে, কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যশোরে ১৫ জন, মেহেরপুরে ১৪ জন এবং খুলনা ও মাগুরা জেলায় ১১ জন করে রোগী পাওয়া গেছে। এছাড়া চুয়াডাঙ্গায় ৪ জন, ঝিনাইদহে ৩ জন এবং নড়াইল ও সাতক্ষীরায় ২ জন করে রোগী শনাক্ত হয়েছে। তবে বাগেরহাটে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত এক দিনে ৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৭৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এতে হাসপাতালে রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে গত এক মাসে সন্দেহভাজন হামে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৮ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন। উল্লেখ্য, এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে সবচেয়ে বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ৪৫২ জন, এরপর যশোরে ২৮৮ জন এবং মাগুরায় ১৪৫ জন। অন্যদিকে খুলনায় ১১৫ জন, মেহেরপুরে ১১৪ জন, সাতক্ষীরায় ৬৮ জন, ঝিনাইদহে ৬৪ জন, বাগেরহাটে ৬২ জন, নড়াইলে ৫৮ জন এবং চুয়াডাঙ্গায় ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে হামের সংক্রমণ আরও বাড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড প্রচ্ছদ প্রচ্ছদ হরমুজে ‘পুলিশ’ হলে মার্কিন জাহাজ ডুববে : ইরানের হুঁশিয়ারি চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদায় অবৈধভাবে উত্তোলনকৃত কৃষি জমির মাটি বোঝাই ৬টি ট্রাক্টর জব্দ পদত্যাগ করলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সোহরাব রাজশাহী নগরীতে খাসজমিতে ৩২ আমলার “বিলাসবহুল অট্টালিকা” ফ্ল্যাট বাণিজ্য শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার