বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
এটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব বাসিন্দা এই ব্যবস্থার আওতায় পড়েছেন তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে তথ্য ও হালনাগাদ জানতে জনগণকে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। #



