BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসাসুনার মাঠে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রেয়াল মাদ্রিদ

ওসাসুনার মাঠে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় রেয়াল মাদ্রিদ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ধারহীন আক্রমণ আর থিবো কোর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর, ভিনিসিউস জুনিয়রের গোলে আশা জাগল রেয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে তাদের জালে আবার বল পাঠিয়ে স্মরণীয় এক জয় তুলে নিল ওসাসুনা।

ঘরের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে ওসাসুনা।

লিগে টানা আট জয়ের পর হারল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও, রেয়ালকে কখনোই চেনা ছন্দে দেখা যায়নি। গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারলেও, সেগুলোর অধিকাংশই প্রতিপক্ষকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। আর ওসাসুনা ১৪ শটের দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করল।

আসরে তৃতীয় হারের পর, ২৫ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রেয়াল। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। তবে, রোববার লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে ফিরবে কাতালান ক্লাবটি।

ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগটিও পায় ওসাসুনা। ২৪তম মিনিটে হুবেন গার্সিয়ার ক্রসে বিপদ হতে পারতো রেয়ালের; দারুণ সেভ করে দলকে সমতায় রাখেন থিবো কোর্তোয়া।

সাত মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে শটে চেষ্টা করেন কিলিয়ান এমবাপে, কর্নারের বিনিময়ে রুখে দেন সের্হিও এররেরা। পরের মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ডাভিড আলাবার শট রক্ষণে প্রতিহত হয়।

কোর্তোয়ার ভুলেই অবশ্য ৩৮তম মিনিটে পিছিয়ে পড়ে রেয়াল। প্রতিপক্ষের একটি পাল্টা আক্রমণ রুখতে এগিয়ে যান তিনি। কিন্তু বল ছুঁতেই পারেননি তিনি, উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি, এবং নিজেই স্পট কিক নিয়ে গোলটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড বুদিমির।

বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রেয়াল। অহেলিয়া চুয়ামেনির শট ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেও রেয়ালের আক্রমণে চেনা ধার ছিল না। তবুও ৫৫তম মিনিটে গোল পেতে পারতো তারা; কিন্তু ডি-বক্সের বাইরে থেকে আর্দা গিলেরের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

আক্রমণে ধার বাড়াতে ৬৪তম মিনিটে দুটি পরিবর্তন করেন রেয়াল কোচ; দানি কার্ভাহাল ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে তুলে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ব্রাহিম দিয়াসকে নামান তিনি।

৭০তম মিনিটে এমবাপে জালে বল পাঠালেও, তিনি নিজেই অফসাইডে ছিলেন। এর তিন মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল পায় তারা। বাঁ দিক থেকে ফেদে ভালভের্দের বাড়ানো পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ গোলে ব্যবধান গড়ে দেন রাউল গার্সিয়া। ছয় গজ বক্সে বাঁ দিকে একজনকে কাটিয়ে, দুরূহ কোণ থেকে শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

দারুণ এই জয়ে টেবিলে এক ধাপ এগিয়েছে ওসাসুনা। ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

এই হারের হতাশা সামলে আগামী বুধবার বড় লড়াইয়ে নামতে হবে রেয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে তারা খেলবে বেনফিকার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে অবশ্য একটু ভালো অবস্থানে আছে তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে : প্রধানমন্ত্রী কুয়াকাটা বিমানবন্দর স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী: ‘প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে’ ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ Bidi workers placed five-point demand at Press Club “আনন্দ ভাগাভাগিতে-আমরা সবাই একসাথে” ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর এক যুগপূর্তি উদযাপন ॥ ই-পেপার উদ্বোধন কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী আম-জাম ধরলে আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী কিষাণ-কিষাণির হাতে উঠলো কার্ড, পেলেন আড়াই হাজার টাকা আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন