বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বৈঠকে রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্বকালে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়।
রাষ্ট্রপতি জিয়া ১৯৭৭ সালে সৌদি আরবে একটি ঐতিহাসিক সফরও করেছিলেন। উভয় পক্ষ মুসলিম ঐক্যে তার ঐতিহাসিক অবদানের কথা স্বীকার করেন।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি নেতৃত্বের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি উভয় দেশের ভূ-কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার মূলক খাতে সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার ওপর জোর দেন।
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় ২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন সহজতর করতে সৌদি আরবের সমর্থনের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সৌদি আরবের সমর্থন কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন জানান এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত পর্যায়ে উন্নীত করতে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে সৌদি আরব সাত লাখ ৫০ হাজার কর্মভিসা এবং মোট ১৪ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা জারি করেছে।
সৌদি আরবে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
এর আগে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিয়োগের জন্য শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ক্রাউন প্রিন্সের নেতৃত্বে গৃহীত সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করেন।
উভয় পক্ষ পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #















