পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের কয়েকটি বাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে স্থানীয় ব্যবসায়ী কামরুল মুন্সির বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। তিনি পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি-এর সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, বাড়ির পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখে প্রথমে বিষয়টি টের পান বাড়ির মালিক। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী কামরুল মুন্সি বিটিসি নিউজকে বলেন, সন্তানদের স্কুলে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ শুনে তাকিয়ে আগুন দেখতে পান। দ্রুত বের হয়ে এলেও ঘরের সব মালামাল পুড়ে যায়।
তার দাবি, নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজিব হোসেন বিটিসি নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #















