বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোপ সেরার মঞ্চে আরও একবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে অতীতে ফিরে চাইলেন জসুয়া কিমিখ। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় স্বস্তির কথা বললেন বায়ার্ন মিউনিখ সহ-অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রেয়ালের মুখোমুখি হয়েছে বায়ার্ন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় রেয়ালের মাঠ সান্তিয়াগো বের্নবেউয়ে শুরু হবে প্রথম লেগ।
২০১১-১২ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বায়ার্ন। এই সময়ে কেবল দুটি ম্যাচে ড্র করতে পেরেছে তারা। তিনবার সেমি-ফাইনাল ও একবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে হেরে।
২০২৩-২৪ মৌসুমে সবশেষ দেখা হয় দুই দলের। মিউনিখে লড়াই শেষ হয় ২-২ সমতায়। পরে রেয়ালের মাঠে ২-১ গোলে হেরে টুর্নামন্ট থেকে ছিটকে পড়ে বায়ার্ন। নতুন লড়াইয়ের আগে সেই প্রসঙ্গ সামনে আনলেন কিমিখ।
“তাদের বিপক্ষে খেলা শেষ সেমি-ফাইনালের প্রথম লেগে আমরা আরও বেশি গোল পেতে পারতাম। ২-২ ড্রয়ের চেয়ে বেশি কিছু। ফিরতি লেগের দ্বিতীয়ার্ধ আমরা ওদের চেয়ে ভালোভাবে শুরু করেছিলাম।
আমার মনে হচ্ছিল ওরা গোল থেকে দূরে। এরপরও ওরা কেবল দুটি সুযোগ পেল… এরপর দেখুন কী হলো। আমরা ক্ষোভ নিয়ে বাড়ি ফিরলাম।”
“তবে এবার পরিস্থিতি ভিন্ন। আমরা প্রায়শই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাই। তবে এবার আমরা সবাই এখানে এসেছি।”
পূর্ণ শক্তির দলের পাশাপাশি ফিরতি লেগ নিজেদের মাঠে খেলার সুবিধাও আশা দেখাচ্ছে কিমিখকে।
“এই মাঠের দর্শক স্পেশাল। এখানে দর্শক ও স্টেডিয়াম অবিশ্বাস্য। আমরা এখানে কিছু অসাধারণ ম্যাচ খেলেছি কিন্তু শূন্য হাতে ফিরেছি। তবে এটা আমরা ফিরতি লেগ খেলব ঘরের মাঠে। আর এটা সবকিছুকেই কিছুটা পাল্টে দেবে।”
আগামী ১৫ এপ্রিল শেষ আটের ফিরতি লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় রেয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। #















