ঢাকা প্রতিনিধি: বিমান ও পর্যটন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে তিনি এ সহযোগিতা চান তিনি।
এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. লট্জ বর্তমান সরকারের সঙ্গে জার্মানির সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান প্রতিষ্ঠান ‘এরোডাটা’র আগ্রহের কথা তুলে ধরেন।
জবাবে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকীকরণে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ নিয়ে আলাপ হয়।
বৈঠকটি বাংলাদেশ ও জার্মানির মধ্যে বেসামরিক বিমান পরিবহন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #















