উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ২৬ মে মঙ্গলবার বেলা ১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে রাখেন। এ সময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #















