পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ১৭ টি দোকান ঘর অবৈধভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন,জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া আদায় করা হয়।
দোকান ঘরগুলোর ভাড়া থেকে যা আয় হয়, সেটা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়৷সেখান থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পুর্ণবাসন করা হয়।
এদিকে গত ২০২৪ সালের গনঅভ্যুত্থানের পর একটি চক্র বিদ্যালয়ের ১৭টি দোকান ঘর অবৈধ ভাবে দখল করে পূর্বের ভাড়া নেওয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা দেয়৷ চলতি বছরের ১২ মার্চ দোকানের ভিতরে থাকা মালা মাল চুরি করে। চক্রটি কিছু দোকানঘর নিজের দাবী করে ছোট ছোট অংশ করে পুনরায় ভাড়া দিচ্ছেন৷চুরির বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
১৭টি দোকান বেদখল হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পেয়ে সংবাদ সম্মেলন করে, বিদ্যালয়ের জমি ফিরে পেতে প্রশাসনের কাছে দাবী জানান৷
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ, এম একরামুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















