নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে রাজশাহী মহানগর জামায়াত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করে ভুল পথে এগোচ্ছে। সরকারের উদ্দেশে তিনি মন্তব্য করেন, ছাত্র-জনতার আন্দোলনের কারণেই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছে—এ বিষয়টি ভুলে গেলে চলবে না।
তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি ও নৈরাজ্যের যে অভিযোগ উঠেছে, তা সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে হবে। জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাডভোকেট সেলিম বলেন, অতীতে যারা ফ্যাসিবাদী শক্তি হিসেবে পরাজিত হয়ে দেশত্যাগ করেছে, তারা যেন আর কখনও দেশের মাটিতে অবস্থান গড়ে তুলতে না পারে—সেজন্য দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যে পেশাতেই থাকি না কেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকতে হবে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেন এবং বলেন, রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে—এ কারণেই এ মাসের মর্যাদা বিশেষ। রমজানের শিক্ষা আত্মস্থ করে বছরের বাকি সময়েও তা বাস্তবায়নের মাধ্যমে আদর্শ জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, কথাসাহিত্যিক ও ‘রাজশাহী সংবাদ’ -এর সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ডা. সাদিকুল ইসলাম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়ালসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং জামায়াতের মহানগরীর কর্মপরিষদের সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















