পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে, সদর উপজেলার যুগিভিটা গ্রামের নুর উল্লাহ্ এর ঘরে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় ৮ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম।
নুর উল্লাহ্ ওই এলাকার মৃত আবুল হোসেন (বগুড়া মাস্টারের ছেলে ও মফিজার রহমান কলেজের অধ্যক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ ও তার মা ওমরাহ পালন করতে গেছে। বাড়িতে ছিলেন তার স্ত্রী, সন্তান ও শাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায় তারা। একপর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
অধ্যক্ষের স্ত্রী জেটনি আক্তার বলেন,ঘুমের মধ্যেই অনুভব করি কেউ মুখ চেপে ধরেছে। কোনোমতে হাত সরিয়ে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা আমাদের চুপ থাকতে বলে এবং সন্তানদের সামনে ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















