BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর

নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর

ঢাকা প্রতিনিধি: নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি এবং পণ্য বিপণনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে জয়ীতা ফাউন্ডেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে কর্মজীবী মহিলা হোস্টেলে নিরাপত্তা জোরদার, আসন সংখ্যা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে এর বিস্তৃতি ঘটানোর নির্দেশ দেন তিনি।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে স্বাগত জানিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার। ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, গ্রামীণ নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার, জাতীয় মহিলা সংস্থাকে আধুনিকায়ন এবং বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ এবং প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সমন্বিত কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার উন্নয়ন এবং কেয়ার গিভিং খাতে নারী-পুরুষ উভয়ের দক্ষতা উন্নয়নে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করতে হবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কার্যকর মনিটরিং ব্যবস্থাও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. ফিরোজ উদ্দিন খলিফা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে