BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতদিয়ায় দুর্ঘটনা: নিখোঁজের খবরে পদ্মায় স্পিডবোটে দিনভর চিরুনি তল্লাশি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: নিখোঁজের খবরে পদ্মায় স্পিডবোটে দিনভর চিরুনি তল্লাশি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্ঘটনায় স্বজনদের কাছ থেকে আরও একজন নিখোঁজের খবর পেয়ে ফের অভিযান শুরুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

দুর্ঘটনাস্থলের আশপাশ ও পদ্মার বিস্তীর্ণ এলাকায় স্পিডবোটের সাহায্যে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা। এর আগে শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো অভিযান শুরু করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কোনো নিখোঁজের দাবি না থাকায় উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে রাজবাড়ীর বালিয়াকান্দির মুক্তা নামে এক নারী তার ভাই নিখোঁজ থাকার অভিযোগ জানালে শুক্রবার সকাল ৮টা থেকে আবারও ৩ নম্বর পন্টুন এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল সম্মিলিতভাবে তল্লাশি চালাচ্ছে। ৪৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকায় স্পিডবোট নিয়ে নদীর বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। ওই রাতেই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে উদ্ধার করে।

নিখোঁজ ভাইয়ের সন্ধানে বালিয়াকান্দি থেকে আসা পরিবারের আহাজারিতে আবারও দৌলতদিয়া ঘাটের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো জেলাজুড়ে এখন শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এখন পর্যন্ত উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। নিহতদের তালিকায় রয়েছেন বাসের চালক আরমান খানও।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬টি মরদেহের সবকটিই শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে দাফন ও তাৎক্ষণিক সহায়তার জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ