বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (২৩ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭৫তম দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের নতুন অবস্থান ও তাদের লুকিয়ে থাকার স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের আল খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস-এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘সন্ত্রাসী জায়নবাদী ও আমেরিকান সৈন্যরা আইআরজিসি’র অপারেশনাল ইন্টেলিজেন্স ইউনিটের সম্পূর্ণ নজরদারিতে রয়েছে। তারা কোনো বসতি বা অন্য কোথাও লুকিয়ে থাকলেও তারা রক্ষা পাবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়। এতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে জানানো হয়েছে। #















