বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে জিততে যেন ভুলেই গেছে টটেনহ্যাম হটস্পার। ব্যর্থতার বৃত্তে বন্দি দলটি এবার হারের তেতো স্বাদ পেয়েছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।
এই পরাজয়ে অবনমনের শঙ্কা আরও বেড়েছে লন্ডনের ক্লাবটির।
ঘরের মাঠে রোববার ৩-০ গোলে হেরে গেছে টটেনহ্যাম। সফরকারীদের গোল তিনটি করেন ইগোর জেসুস, মর্গ্যান গিবস-হোয়াইট ও আয়োনিয়ি।
২০২৬ সালে এখনও লিগে কোনো ম্যাচ জিততে পারেনি টটেনহ্যাম। প্রতিযোগিতায় তাদের সবশেষ জয় গত ডিসেম্বরে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
এরপর ১৩টি লিগ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা, যেখানে হেরেছে আটটিতে।
লিগে টানা পাঁচ হারের পর, গত রাউন্ডে লিভারপুলকে তাদেরই মাঠে ১-১ ড্রয়ে রুখে দিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় টটেনহ্যাম।
এরপর চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদকে হারায় তারা, যদিও দুই লেগের হিসেবে পিছিয়ে পড়ে বিদায় নেয় দলটি।
এবার ফের পথ হারিয়ে ফেলল টটেনহ্যাম। তাতে ৩১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে তার, অবনমন অঞ্চল থেকে এক ধাপ ও ১ পয়েন্ট উপরে।
সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে তাদের উপরে ফরেস্ট। #















