বিটিসি স্পোর্টস ডেস্ক: বুন্ডেসলিগায় আগের দুইবারের মুখোমুখি লড়াইয়ে তেতো স্বাদ পেয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার আর কোনো ভুল নয়। দাপুটে পারফরম্যান্সে ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে জয়ের ধারায় ফিরল লিগ চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি, আর একটি করে গোল করেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।
শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলা বায়ার্নের ২৭ ম্যাচে পয়েন্ট হলো ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
ইউনিয়ন বার্লিনের মাঠে লিগে গত দুই আসরের ম্যাচে একবারও জিততে পারেনি বায়ার্ন; ২০২৪-২৫ মৌসুমে ১-১ এবং গত মৌসুমে ২-২ ড্র হয়েছিল ম্যাচ।
তবে গত ডিসেম্বরে এবারের জার্মান কাপে দলটিকে ৩-২ গোলে হারায় ভেসোঁ কম্পানির দল।
এবার অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বার্লিন। দুই অর্ধে দুটি করে গোল হজম করে তারা।
শুরু থেকে প্রবল চাপ তৈরি করে ৪৩তম মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। আর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ান কেইন। আসরে ২৬ ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের গোল হলো ৩১টি। মৌসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচে ৪৮টি।
আর ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জার্মান ফরোয়ার্ড জিনাব্রি। #















