বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সে হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ইরানি গ্যাস সরবরাহ আবার ইরাকে চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানায়, ওই হামলার পর ইরান থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা ইরাকের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে। হামলাটি ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এর জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার ঘটনা ঘটে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের জ্বালানি স্থাপনাগুলো আবারও লক্ষ্যবস্তু হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি অবকাঠামো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
এদিকে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ ঘনমিটার হারে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। এতে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে। #















