নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ সংলগ্ন একটি লেবু বাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানে বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিটের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২১টি ককটেল উদ্ধার করেন। এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব ককটেল ও অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।
উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















