পঞ্চগড় প্রতিনিধি: প্রকল্পের তথ্য দিতে অসহযোগিতার অভিযোগ পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিনের বিরুদ্ধে। তবে কর্তৃপক্ষ বলছে,উপজেলা অফিসগুলোর তথ্য সংরক্ষন নাই।
জানা যায়, স্থানীয় সংবাদকর্মী সম্রাট হোসাইন চলতি অর্থ বছরে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের তথ্য চেয়ে কর্মকর্তার বরাবর আবেদন করেন।
কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপ পরিচালক এক চিঠিতে তথ্য সংরক্ষণ নাই এবং সংশ্লিষ্ট উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে বলেন। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পৌঁছে সংবাদকর্মীর কাছে।
তথ্য না পাওয়ায়, রংপুর আঞ্চলিক কার্যালয়ে আপিল আবেদন করবেন ভুক্তভোগী সংবাদকর্মী। এরপরও তথ্য না পেলে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
তথ্য না দেওয়ার বিষয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইদুজ্জামান বলেন, তথ্য চাওয়া বা পাওয়া সবার অধিকার। শুধু সংবাদকর্মী না দেশের যে কোন নাগরিক তথ্য চাইতে পারে। উপ পরিচালক তথ্য না দিয়ে অসহযোগিতা করেছেন। এতে নিজেদের দূর্বলতার কারনে তথ্য না দেওয়ার বিষয়টি উঠে আসে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল মতিন বলেন, প্রকল্পগুলো উপজেলা অফিস বাস্তবায়ন করে,এজন্য জেলা অফিসে তাদের কোন তথ্য নাই।
উপজেলা গুলোকে চিঠি দিয়ে সব তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















