গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, শামিকুল ইসলাম লিপন গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় তিনি প্রায় দেড় বছর ধরে কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সর্বশেষ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলায় তিনি জেলা কারাগারে আটক ছিলেন।
রাজনৈতিক জীবনে শামিকুল ইসলাম সরকার লিপন দীর্ঘদিন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে তিনি পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৮ সাল থেকে মৃত্যু পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
শামীকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরী হরিণমারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #















