নাটোর প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে আর কোন প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে আলাপ আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখায় সময়ের দাবি।
বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করেনা, ক্ষমতায় গেলেও করবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় নিলেও ফ্যাসিস্ট হাসিনা দলের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে ভারতে পালিয়েছেন।”
সোমবার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, “তামাক যেমন জীবননাশের কারণ জামায়াতও তেমনি ঈমান নষ্টের কারণ। তাই নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে আমরা একাত্তরের অপশক্তিকে বুঝিয়ে দিতে চাই- ধানের শীষের জনপ্রিয়তার বিকল্প নেই।”
বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহŸায়ক ওমর আলী শেখ। এসময় বিএনপি নেতা নাসিম উদ্দীন নাসিম, শহিদুল্লাহ সোহেল, রাসেল আহমেদ রনি, মশিউর রহমান বাবলু, আমজাদ হোসেন, সুফি মো. আবু সাঈদ, দুলাল সরকার, অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক পৌর মেয়র ইসাহক আলী, মোহাম্মাদ আলী, ছাত্রদল নেতা মাসুদ রানা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #















