BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ

সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ

ঢাকা প্রতিনিধি: সড়কের ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরো জোরদার করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে রোববার এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, গণপরিবহনে জিপিএস কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাইওয়ের সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতেও নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

সভা শেষে ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী ঈদযাত্রাকে আরো স্বস্তিদায়ক করা হবে। হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।

কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে ঈদযাত্রা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী ভালো কিছু করতে চান এবং তা বাস্তবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন।

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে