BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী দেশের সবচাইতে আধুনিক, সুন্দর, গ্রিন এবং ক্লিন সিটি কর্পোরেশন – এলজিআরডি প্রতিমন্ত্রী

রাজশাহী দেশের সবচাইতে আধুনিক, সুন্দর, গ্রিন এবং ক্লিন সিটি কর্পোরেশন – এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচাইতে আধুনিক, সুন্দর, গ্রিন এবং ক্লিন সিটি কর্পোরেশন হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের অনেক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

আজকে আমি দেখার পরে নিজেও চিন্তা করছি যে, অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক, সিও, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবো দেখানোর জন্য।

আমি নিজে বিভিন্ন সিটি কর্পোরেশন ঘুরে দেখেছি। তাদের বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, সবুজায়ন আপনাদের মতো এত সুন্দর না। আমার মনে হয় তারা যদি এগুলো দেখে, এই অভিজ্ঞতা নিয়ে তারা কাজ করতে পারবে।

আজ বুধবার (২৫ মার্চ) বিকালে নগর ভবনের এ্যানেক্স হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেডিকেলের বর্জ্য এক জায়গায় ডাম্পিং করা হচ্ছে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। বিভিন্ন দেশ থেকে অনেক কোম্পানি এসেছে যারা এই বর্জ্যকে ব্যবহার করে বিদ্যুৎ এবং জৈব সার উৎপাদন করতে চায়।

গাজীপুরে ইতোমধ্যে পাইলটিং হিসাবে ফিনল্যান্ডের একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় রাজশাহীতেও আপনারা পাইলটিং হিসেবে এই কাজটা শুরু করতে পারেন।

শাহে আলম বলেন, ১২টি সিটি কর্পোরেশনের চাহিদা নেওয়া হয়েছে, সে অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনকে আরো সুন্দর করতে কোনো নতুন প্রকল্পের প্রয়োজন হলে তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

দেশে বিগত সময়ে রাষ্ট্রীয় নিচ থেকে একেবারে উচ্চ পর্যায়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের সরকার সবার সরকার।

কাজেই রাসিকের প্রশাসককে আমি অনুরোধ করব, তিনি সবার প্রশাসক হিসেবে কাজ করবেন। আমরা যারা মন্ত্রী, প্রশাসক বা অন্য কোনো পদে দায়িত্ব পালন করছি, আমরা সবাই প্রধানমন্ত্রীকে ফলো করবো।

উনি এখনো নিজের গাড়িতে চলছেন, নিজের টাকায় তেল কিনে গাড়িতে [ছেন, নিজের ড্রাইভার ব্যবহার করছেন। গাড়িতে পতাকা ব্যবহার করছেন না, রাস্তায় তিনি গাড়ির বিশাল বহর সাথে নিচ্ছেন না এবং রেড সিগন্যাল হলে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন।

তিনি অহংকার করছেন না, অহমিকা করছেন না, কৃচ্ছ্রতাসাধন করছেন। দেশের স্বার্থে, দেশের খরচ কমানোর স্বার্থে আমাদের প্রধানমন্ত্রীকে আদর্শ হিসেবে ধরে নিতে হবে।

এসময়, সঠিক জায়গা চিহ্নিত করে অর্থের সঠিক ব্যয় এবং সিটি কর্পোরেশনের অধীন স্কুল ও খেলার মাঠ সাধারণ মানুষ ও সাধারণ শিশুদের জন্য খোলা রাখা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সাবেক কাউন্সিলারবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সিটি কর্পোরেশন চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ