BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

রংপুর প্রতিনিধি: ‎রংপুর নগরীর আতিথেয়তা, আবাসন ও সেবা খাতে যুক্ত হলো আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন এক প্রতিষ্ঠান। মানসম্মত সেবা, রুচিশীল পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনার অঙ্গীকার নিয়ে নগরীর প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার।

রোববার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ভবনের নিচতলায় অবস্থিত স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক, ব্যাংকার, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান তাওহীদ হোসেন (সেরা করদাতা)।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রংপুর একটি সম্ভাবনাময় নগরী। এখানে মানসম্মত আতিথেয়তা ও আধুনিক পার্টি ভেন্যুর চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণ করতেই হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা সততা, মান ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর জোন প্রধান এসভিপি মোঃ মতিউর রহমান। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার একটি সাহসী ও সময়োপযোগী বিনিয়োগ। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন বলেন, রংপুরের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক অনুষ্ঠানের পরিধি এখন অনেক বিস্তৃত।

আধুনিক ও মানসম্মত হোটেল ও পার্টি সেন্টার এই অঞ্চলের জন্য সময়ের দাবি। হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ বলেন, নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে একটি শহরের অর্থনীতি প্রাণ ফিরে পায়।

এই প্রতিষ্ঠান রংপুরের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রংপুর শাখার প্রধান মোহাম্মদ আইয়ুব আলী বলেন,সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা থাকলে যেকোনো প্রতিষ্ঠান দ্রুত আস্থা অর্জন করে। হোটেল তাওহীদ সেই পথে এগোবে বলে আমরা আশা করি।

বিশিষ্ট শিল্পপতি ও আরএমপি শপিং কমপ্লেক্সের সভাপতি মোঃ জয়নাল আবেদীন বলেন, রংপুরে আধুনিক পার্টি সেন্টারের অভাব ছিল। এই প্রতিষ্ঠান সেই অভাব পূরণ করবে এবং শহরের সৌন্দর্য ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

‎উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহনাজ পারভীন বলেন, নারীদের সামাজিক ও করপোরেট আয়োজনের জন্য নিরাপদ ও মানসম্মত ভেন্যু খুবই জরুরি।

হোটেল তাওহীদ সেই ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ঠিকানা হবে।

এছাড়াও বক্তব্য দেন, সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আতিক উল্লাহ আতিক, সাধারণ সম্পাদক ইমরুল হাসান কল্লোল, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কামাল হোসেন, শাহজালাল বিপণিবিতান মার্কেটের সভাপতি শেখ বাচ্চুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব রংপুর, লায়ন্স ক্লাব রংপুর, সাতমাথা মসজিদ কমিটি, সাতমাথা ও মাহিগঞ্জ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমি গ্রুপের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী (সেরা করদাতা)।

হোটেল কর্তৃপক্ষ জানান, আধুনিক রেস্টুরেন্ট সেবা, মানসম্মত আবাসিক হোটেল সুবিধা এবং সুসজ্জিত পার্টি সেন্টারের মাধ্যমে রংপুরবাসীকে উন্নত ও রুচিশীল আতিথেয়তা প্রদানই তাদের মূল লক্ষ্য।

বিয়ে, বউভাত, জন্মদিন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও করপোরেট মিটিং, সেমিনার ও সম্মেলন আয়োজনের জন্য এখানে রয়েছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানটিতে একসঙ্গে প্রায় ৪০০ অতিথির অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, গাড়ি ও মোটরসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং ব্যবস্থা, ২৪ ঘণ্টা নিজস্ব নিরাপত্তা কর্মী এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং একই সঙ্গে চালু হওয়া স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম রংপুরের ব্যবসা-বাণিজ্য, সেবা খাত ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চার করবে এবং নগরীর সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ