বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতে গোল হজমের পর, দ্রুতই ঘুরে দাঁড়াল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে আবার পিছিয়ে পড়ে আর পাল্টা জবাব দিতে পারল না তারা। ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে দারুণ এক জয় পেল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।
প্রতিপক্ষের আঙিনায় শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে গেছে আর্না স্লটের দল। তাদের একমাত্র গোলটি করেন মিলোস কেরকেস।
প্রিমিয়ার লিগে গত মৌসুমেও এই মাঠে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছিল লিভারপুল, ৩-২ গোলে।
হতাশায় মোড়া আসরে টানা তিন ম্যাচ জয়হীন (দুই হার ও এক ড্র) রইল লিভারপুল। এবারের লিগে দশম হারের পর, ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে আছে ৩০ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।
লিভারপুলের সমান ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রাইটন।
চতুর্দশ মিনিটে সতীর্থের হেড পাস পেয়ে কাছ থেকে হেডেই দলকে এগিয়ে নেন ওয়েলবেক। ১৬ মিনিট পর অবশ্য গোলটি শোধ করে দেন হাঙ্গেরির লেফট-ব্যাক কেরকেস।
৫৬তম মিনিটে দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে ব্যবধান গড়ে দেন ৩৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেক।
পরে অনেকটা সময় বাকি থাকলেও, ঘুরে দাঁড়ানোর মতো কিছু করতে পারেনি শিরোপাধারীরা। #















