ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ থেকে চীনের বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
বুধবার (১১ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন।
সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকুয়েন্সি বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের পর্যটন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। প্রয়োজনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #















