BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’

বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী।

সভা পরিচালনা করেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে সভায় বিস্তারিত আলোচনা শেষে নববর্ষ উদযাপনে বেশ কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি-বেসরকারি টেলিভিশন এবং বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সঙ্গে মিলে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি। এসব কর্মসূচিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছাড়াও সভায় বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম, বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সভাপতি হেলাল খান এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সভায় ছায়ানট, বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও ললিতকলা একাডেমির প্রতিনিধিরাও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিনিধি সশরীরে এ সভায় অংশ নেন। এছাড়া অন্যান্য জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে