বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
পরে পুলিশ, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দুপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানদিবসটির তাৎপর্য তুলে ধরে তারা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়, যা বকশীগঞ্জবাসীর মধ্যে দেশপ্রেমের চেতনা আরও জাগ্রত করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #















