BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত-১২

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত-১২

ফেনী প্রতিনিধি: ফেনীর সিলোনিয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘দিদার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত ১২ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের মধ্যে ৪ জন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং ২ জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে, নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গেছে। এছাড়া আরও কয়েকজন চিকিৎসা নিলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত বিটিসি নিউজকে বলেন, হাসপাতালে দুর্ঘটনায় চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম-পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। অনেকজন কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ