বিটিসি স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য ধারাবাহিকতায়, একের পর এক চমক জাগানো পারফরম্যান্সে ছুটছিল বোদা/গ্লিম্ট। বিস্ময় যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার খুব কাছেই ছিল তারা।
তবে, খাদের কিনারা থেকে চমৎকার পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল স্পোর্তিং। তিন গোলের ঘাটতি পুষিয়ে, অতিরিক্ত সময়ের আরেক গোলে পর্তুগিজ ক্লাবটি জায়গা করে নিল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালে।
প্রাথমিক পর্বের শেষ দুই রাউন্ডে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ এবং প্লে-অফে ইন্টার মিলানকে দুই লেগেই হারায় বোদা/গ্লিম্ট। এরপর গত সপ্তাহে তারা শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে হারিয়ে দেয় স্পোর্তিংকে।
এত বড় ব্যবধানে এগিয়ে থেকেও তা রক্ষা করতে পারল নরওয়ের ক্লাবটি। ফিরতি লেগে মঙ্গলবার ঘরের মাঠে ৫-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠল স্পোর্তিং।
ঘুরে দাঁড়াতে মরিয়া স্পোর্তিং আক্রমণের যে ঝড় তোলে, তার সামনে প্রতিরোধ গড়ার কোনো সুযোগই পায়নি বোদা/গ্লিম্ট। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৮টি শট নেয় স্পোর্তিং, এর ১৪টি ছিল লক্ষ্যে।
বিপরীতে বোদা-গ্লিম্ট ৯টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।
৩৪তম মিনিটে গন্সালো ইনাসিওর গোলে আশা জাগায় স্বাগতিকরা। ৬৪তম মিনিটে পেদ্রো গনসালভেসের লক্ষ্যভেদে তাদের আশায় হাওয়া লাগে।
আর ৭৮তম মিনিটে লুইস সুয়ারেসের সফল স্পট কিকে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে ক্লাবটি।
তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
এখানে দ্বিতীয় মিনিটেই মাক্সিমিলিয়ানোর গোলে লড়াইয়ে প্রথমবারের মতো এগিয়ে যায় স্পোর্তিং। আর একেবারে শেষ দিকে ব্যবধান বাড়িয়ে প্রতিপক্ষের সব আশা গুঁড়িয়ে দেন রাফায়েল। #















