জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচন্ড চাপে সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও আব্দুল মোতালেব (৬) এবং একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে ওপর প্রান্তে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। আজ ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষের প্রচন্ড ভিড় জমে ভাসমান সেতুর উপর। বিকালে মানুষের প্রচন্ড চাপে ভাসমান সেতুটি উল্টে মাঝখান ভেঙে মানুষজন পানিতে পড়ে যায়।
এ সময় বেশিভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৫ সঞ্জাহীন অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করে।

এদিকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















