ঢাকা প্রতিনিধি: সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ তার দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় দেবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকবো।
মন্ত্রী বলেন, মৃতদেহের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সরকারিভাবে বিধি মোতাবেক নিহত ব্যক্তির পরিবার যা প্রাপ্য হবে আমরা তা এ পরিবারকে প্রদান করবো। সেই সঙ্গে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বহন করবে।
সেইসঙ্গে এই পরিবারটিকে আর্থিকভাবে যা কিছু করা প্রয়োজন হবে তা সরকারের পক্ষ থেকে করা হবে।
মন্ত্রী শুক্রবার (২০ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় প্রবাসীদের পাশে রয়েছে এবং প্রবাসীদের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবে তাদেরকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহতের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।
এসময় বিমানবন্দরে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সম্ভব সব রকম আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
বিমানবন্দরে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলেট কল্যাণ) দেওয়ান আলী আশরাফ-সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তার বাবার নাম সূরজত আলী। সকাল পৌনে ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #















