বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
এদিন ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং বিশ্ব শান্তির প্রত্যাশা ব্যক্ত করছেন।
শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এসময় সেখানে উপস্থিত থেকে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেও ধর্মীয় আবহে ঈদ উদযাপন হয়েছে পাকিস্তানে। দেশজুড়ে অনুষ্ঠিত ঈদের জামাতে মুসল্লিরা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
মালয়েশিয়াতেও ব্যাপক উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বোখারীতে অনুষ্ঠিত হয় বড় জামাত। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া ইন্দোনেশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাকার্তার উপকণ্ঠ সিবিনংয়ের পাকানসারি স্টেডিয়ামে হাজারো মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের আনন্দঘন পরিবেশে সবার প্রত্যাশা একটাই—বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা হোক এবং ঈদের পবিত্র বার্তা ছড়িয়ে পড়ুক মানুষের মাঝে। #















