টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে কোথাও এক সেকেন্ডের জন্যও যানজটে পড়তে হয়নি।
এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব টোল প্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ফলে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া রহমান, বিবিএ’র নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন এবং কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















