BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের

ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং দ্রুততম সময়ের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির পরিপ্রেক্ষিতে চীনের এই প্রতিক্রিয়া এলো।

স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি দেশটিতে ‘অত্যন্ত কঠোরভাবে আঘাত’ হানবেন। মাসব্যাপী চলা এই যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প সম্প্রতি এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাও নিং যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘চীন শুরু থেকেই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। সংঘাতের সব পক্ষের এখনই অস্ত্রবিরতি পালন করা উচিত।

সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।’

চীন মনে করে, কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে হামলার হুমকি দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে কাজ করা।

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, প্রণালিটি কত দ্রুত শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় ফিরে স্বাভাবিক যাতায়াত শুরু করতে পারবে, সে বিষয়ে সব পক্ষই গভীর উদ্বিগ্ন।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধ করা। শুধু এই পদক্ষেপের মাধ্যমেই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা সম্ভব।

এদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে বাহরাইনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

বৃহস্পতিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক টেলিফোন সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বর্তমানে ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আল জায়ানি জানান, উপসাগরীয় দেশগুলো গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাজে লাগাতে এবং চীনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে ওয়াং ই আগ্রাসনের বিরোধিতা এবং শান্তি বজায় রাখার বিষয়ে চীনের নীতিগত অবস্থান স্পষ্ট করেন।

তিনি জানান, চীন ও পাকিস্তান সম্প্রতি উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে একটি ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হামলা বন্ধ করা, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় চালু করা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক