BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি: ক্ষমতার অপব্যবহার না করে অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন এক ব্যাচ যারা নতুন এক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবনে পদার্পণ করছেন। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদেরকে নিজেদের উপযোগী করে গড়ে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল।

নবীন কর্মকর্তাদের ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক অভিহিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। তাঁদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সর্বদা এটি স্মরণ রাখতে হবে।

তিনি বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। তিনি নবীন কর্মকর্তাদের এটি মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে জনগণের বন্ধু। সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদন্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। এসময় তিনি ডিজিটাল অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের তাগিদ দেন।

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় উল্লেখ করে আগের যে-কোনো একটি উপযুক্ত পোশাক যেন পুলিশ বাহিনী ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ এএসপি আহমেদ সাদমান সাকিব। প্রশিক্ষণে অসামান্য কৃতিত্বের জন্য শিক্ষানবিশ এএসপি মো. ফাহিম ফয়সাল ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট একাডেমিক’ এই দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন।

এছাড়া ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পদক পান মো. আরাফাত হোসেন, ‘বেস্ট হর্সম্যানশিপ’ পদক পান শাওন রেজা এবং ‘বেস্ট শ্যুটার’ হিসেবে পুরস্কৃত হন বাপী কুমার দাশ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৃমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান।

এছাড়া জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাসিং আউট প্যারেড শেষে নবীন সহকারী পুলিশ সুপারগণ দেশের বিভিন্ন জেলায় ০৬ (ছয়) মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর